ঘরবাড়ি পোড়ানোর হুমকি: কুমিল্লায় বিএনপি নেতা মঞ্জুরুলের পদ হারালেন

প্রাইম বার্তা অনলাইন
১০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৯ পিএম
ঘরবাড়ি পোড়ানোর হুমকি: কুমিল্লায় বিএনপি নেতা মঞ্জুরুলের পদ হারালেন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। ভোটারদের উদ্দেশ্য করে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতে সোমবার (১০ ফেব্রুয়ারি) এই সিদ্ধান্ত নেয় দলটি। দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কাজের কারণে তার প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এক নির্বাচনী প্রচারণায় মঞ্জুরুল আহসান মুন্সী স্থানীয়দের উদ্দেশ্যে বলেছিলেন, বিএনপি ক্ষমতায় এলে যদি তারা অন্য দলের প্রার্থীকে ভোট দেন তবে তাদের কাউকে ছাড়া হবে না। ভিডিওতে দেখা যায়, তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়ে সব ছারখার করে দেওয়া হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট না দিলে এই পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি। এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ঋণখেলাপির অভিযোগে মনোনয়ন হারানো এই নেতা এলাকায় গণঅধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দীনকে সমর্থন দিচ্ছিলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের ভাবমূর্তি নষ্ট করে এমন বক্তব্য প্রদানের অভিযোগে তাকে এই শাস্তি দেওয়া হলো। দলের স্বার্থে এ ধরণের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছে দলীয় শীর্ষ নেতৃত্ব।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...