৩০০ ফুট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে বিএনপি
রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফুট), বিমানবন্দর সড়ক এবং আশপাশের এলাকায় জমে থাকা বর্জ্য অপসারণে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা–কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেবেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচি ঘোষণা করা হয়। দীর্ঘ ১৭ বছর পর সপরিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় যাওয়ার পথে তাকে এক নজর দেখতে রাস্তার দুপাশে লাখো নেতা–কর্মী ভিড় করেন। বিমানবন্দর থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত প্রায় সাড়ে ছয় কিলোমিটারজুড়ে ছিল মানুষের ঢল। পরে পূর্বাচলে আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে বক্তব্য রাখেন তারেক রহমান।
ফেসবুক পোস্টে বিএনপি জানায়, তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত বিশাল জনসমাগমের ফলে এক্সপ্রেসওয়ে ও বিমানবন্দর এলাকায় যে বর্জ্যের সৃষ্টি হয়েছে, জনস্বার্থ বিবেচনায় তা দ্রুত অপসারণ করা হবে। শুক্রবার সকাল থেকেই পরিচ্ছন্নতা কর্মীরা মাঠে নেমে কাজ শুরু করবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিনও তার ব্যক্তিগত ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন। তিনি লেখেন, “জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় সৃষ্ট সব বর্জ্য জনস্বার্থে অপসারণে বিএনপির পরিচ্ছন্নতা কার্যক্রম শুক্রবার সকাল থেকে শুরু হয়েছে।”
এই উদ্যোগকে ‘মহতী অভিযান’ উল্লেখ করে মাহদী আমিন এতে অংশ নেওয়া সব নেতা–কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবীদের আগাম ধন্যবাদ জানান। পাশাপাশি বৃহস্পতিবারের গণজোয়ারে অংশ নেওয়া সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

