বৈষম্যহীন সমাজ গঠনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যমান রাষ্ট্রব্যবস্থা সংস্কারের মাধ্যমে সুশাসন, ক্ষমতার ভারসাম্য, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সম্মিলিত যে প্রস্তাবনা নেওয়া হয়েছে, তা ‘জুলাই সনদ’ নামে জাতির কাছে গৃহীত হয়েছে। এই সনদই আগামীর রাষ্ট্র পরিচালনার ভিত্তি হবে বলে তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ অডিটোরিয়ামে আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী গণভোটে এই জুলাই সনদের পক্ষে জনগণের রায় প্রয়োজন। গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে ভোট দেওয়ার অর্থ দুর্নীতি, ফ্যাসিবাদ, দলীয়করণ ও ভিন্নমত দমনের রাজনীতিকে প্রত্যাখ্যান করা এবং বিচার, ভোটাধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে অবস্থান নেওয়া।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের সব স্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা জরুরি। বর্তমানে সহিংসতা, সন্ত্রাস ও গুলির ঘটনায় দেশবাসী উদ্বিগ্ন। এসব পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
তিনি নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের আহ্বান জানিয়ে বলেন, তফসিল ঘোষণার পর কোনো দল যদি কার্ড বা অনুদানের নামে প্রতিশ্রুতি দেয়, তা স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন। এসব বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর পদক্ষেপ নিতে হবে, না হলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জাতির আস্থা তৈরি হবে না।

