নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

প্রাইম বার্তা অনলাইন
২৩ ডিসেম্বর ২০২৫ ৮:৫৭ পিএম
নির্বাচনে ম্যাজিস্ট্রেটের সংখ্যা না বাড়লে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন পুলিশ সুপাররা। একই সঙ্গে এই দাবি বাস্তবায়ন না হলে পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার আহ্বান জানান তারা। নির্বাচন কমিশনের সঙ্গে আয়োজিত এক সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পুলিশ কর্মকর্তারা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ডিসি-এসপি, সব রেঞ্জের ডিআইজি, বিভাগীয় কমিশনার ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সম্মেলনে পুলিশ সুপাররা এসব কথা বলেন।

পুলিশ সুপাররা জানান, নিয়মিত অভিযানে আসামি গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হলেও যানবাহন ও জনবল সংকট রয়েছে। একই দিনে একাধিক নির্বাচন অনুষ্ঠিত হলে তা বড় চ্যালেঞ্জ হবে বলেও তারা উল্লেখ করেন। নির্বাচনের দিন অসুস্থ ও প্রতিবন্ধী ভোটারদের সহায়তায় রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মী নিয়োজিত রাখার সুপারিশও করেন তারা।

এ ছাড়া পুলিশ সুপাররা বলেন, বিগত নির্বাচনগুলোর তুলনায় পুলিশের জন্য বরাদ্দ বাজেট বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি এবং পুলিশের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার দাবি জানান তারা।

অন্যদিকে সম্মেলনে জেলা প্রশাসকরা বলেন, মাঠপর্যায়ে থাকা বৈধ অস্ত্র দ্রুত উদ্ধার করতে পুলিশের সহযোগিতা প্রয়োজন। দুর্গম এলাকায় যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহারের সুপারিশ করেন তারা। এআই ও অপতথ্য প্রচারকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থানের কথা জানান জেলা প্রশাসকরা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত উপজেলাগুলোতে যানবাহন সরবরাহ, গণভোটের প্রচারের সময় বাড়ানো এবং সীমান্ত জেলাগুলোতে নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...