বিজ্ঞাপন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসিরুল হক সাবু বহিষ্কার

প্রাইম বার্তা ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬ ৯:৫৩ পিএম
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসিরুল হক সাবু বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. নাসিরুল হক সাবুকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে মো. নাসিরুল হক সাবুর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বহিষ্কারের ফলে মো. নাসিরুল হক সাবু বিএনপির প্রাথমিক সদস্যপদসহ দলের সকল দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি পেলেন। দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার লক্ষ্যে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএনপির পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতেও দলীয় সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

উল্লেখ্য, মো. নাসিরুল হক সাবু রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ছিলেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য। পাশাপাশি তিনি একজন বীর মুক্তিযোদ্ধা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মো. নাসিরুল হক সাবু রাজবাড়ী-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। পরে বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত প্রতীক বরাদ্দে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক পান।

এ বিষয়ে মো. নাসিরুল হক সাবুর ব্যক্তিগত প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

 

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...