গণপূর্তের ২৫৪ প্রকৌশলীর বদলি হলো লটারির মাধ্যমে

প্রাইম বার্তা অনলাইন
০৩ আগস্ট ২০২৬ ৮:১০ পিএম
গণপূর্তের ২৫৪ প্রকৌশলীর বদলি হলো লটারির মাধ্যমে

স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলীদের (তড়িৎ/যান্ত্রিক) বদলি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। গতকাল সোমবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত পূর্ত ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে দেশের আটটি বিভাগে কর্মরত ২৫৪ জন প্রকৌশলীকে নতুন কর্মস্থলে পদায়নের আদেশ জারি করা হয়।

লটারির ফলাফল অনুযায়ী সবচেয়ে বেশি ১১৯ জন প্রকৌশলীকে ঢাকা বিভাগে পদায়ন করা হয়েছে। এছাড়া রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২৭ জন করে, বরিশালে ১৩ জন, ময়মনসিংহে ১১ জন, রংপুরে ২২ জন এবং সিলেট বিভাগে ৮ জনকে বদলি করা হয়। এর আগে গত ৩০ জুলাই সিভিল শাখার ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীকেও একইভাবে বদলি করা হয়েছিল।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সারোয়ার আলমের সঞ্চালনায় লটারি অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী ফিরোজ হাসান ও আশরাফুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক জানান, এই পদ্ধতির মাধ্যমে বদলি প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত হবে। এতে যেকোনো প্রভাবমুক্ত পরিবেশে শৃঙ্খলার সাথে পদায়ন করা সম্ভব হবে। এছাড়াও মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মিজানুর রহমান ও ফৌজিয়া খান, উপসচিব খান নাজমুস শোয়েব ও আবু নাছের এই কার্যক্রমে অংশ নেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...