চট্টগ্রামের ত্রাস টেম্পু ইসমাইল, আবারও জামিনে মুক্তির নির্দেশ

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৬ ৯:৩১ এএম
চট্টগ্রামের ত্রাস টেম্পু ইসমাইল, আবারও জামিনে মুক্তির নির্দেশ

চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পু ইসমাইলকে জামিনে মুক্তির আদেশ দিয়েছেন আদালত। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন এবং তার বিরুদ্ধে দেওয়া একটি শোন অ্যারেস্ট প্রত্যাহারের আবেদন গ্রহণ করে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-৪ এর আদালত এই মুক্তির আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৮ জুলাই বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রিট পিটিশন নং-৭৯৪৮/২০২৬-এর পরিপ্রেক্ষিতে ইসমাইলকে শোন অ্যারেস্ট না দেখানোর নির্দেশ দিয়েছিলেন। অথচ ওই আদেশ থাকা সত্ত্বেও পরে তাকে একটি মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়, যা আদালতের নির্দেশের সরাসরি লঙ্ঘন বলে আবেদনে উল্লেখ করা হয়। এমন পরিস্থিতিতে আদালত অবমাননার আশঙ্কায় শোন অ্যারেস্ট প্রত্যাহার করে তার কারামুক্তির ব্যবস্থা করেন।

পুলিশ রেকর্ড অনুযায়ী, চান্দগাঁও, পাঁচলাইশ ও বায়েজিদ বোস্তামী থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী টেম্পুর বিরুদ্ধে খুন, ডাকাতি, অপহরণ, অস্ত্র ও মাদক আইনে ৩০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের পাশাপাশি তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্র নিয়ন্ত্রণ করেন বলে অভিযোগ রয়েছে।

এর আগে ২০১৪ সালে চান্দগাঁও থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। পুলিশ নথি অনুযায়ী, অন্তত ১৩ বার গ্রেফতার হয়ে জামিনে বের হওয়ার পর প্রতিবারই তিনি আবার অপরাধ জগতে ফিরে আসেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...