তৃতীয় টার্মিনালের আগেই বহর বাড়াচ্ছে দেশি এয়ারলাইন্স, কমবে ভাড়া

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৬ ৯:৪৩ এএম
তৃতীয় টার্মিনালের আগেই বহর বাড়াচ্ছে দেশি এয়ারলাইন্স, কমবে ভাড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের পূর্বাভাসে দেশীয় এভিয়েশন খাতে বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। চলতি বছরের শেষ নাগাদ এই টার্মিনাল চালু হলে যাত্রী চাহিদা বৃদ্ধির কারণে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে বিমান সংস্থাগুলো তাদের বহর সম্প্রসারণে মনোযোগ দিয়েছে। এর ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক রুটে বিমান ভাড়া কমে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যা সাধারণ যাত্রীদের জন্য সুখবর বয়ে আনবে।

বর্তমানে দেশের আকাশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, এয়ার অ্যাস্ট্রা এবং নভোএয়ার—এই চারটি প্রতিষ্ঠান মোট ৫১টি উড়োজাহাজ পরিচালনা করছে। তবে ২০২৭ সালের মধ্যে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৯১টিতে। এ লক্ষ্যে তারা আরও ৪০টি উড়োজাহাজ অধিগ্রহণ বা লিজের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে। পাশাপাশি, নতুন টার্মিনাল ঘিরে বেশ কয়েকটি বিদেশি এয়ারলাইন্সও বাংলাদেশে তাদের ফ্লাইট বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন টার্মিনালের কারণে ঢাকা দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক হাবে পরিণত হওয়ার পথে রয়েছে। সরকার চলতি বছরের ১৬ ডিসেম্বর অথবা ২০২৭ সালের শুরুতে এটি উদ্বোধনের আশা করছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য মতে, নতুন টার্মিনালটি বার্ষিক অতিরিক্ত ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৬০ লাখ যাত্রী এবং প্রায় ৫ লাখ টন কার্গো হ্যান্ডল করতে সক্ষম হবে। এ টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সাথে আগস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...