হাইকোর্টের আদেশে কারামুক্তির পথে ৩০ মামলার আসামি টেম্পু ইসমাইল

প্রাইম বার্তা অনলাইন
২৯ জুলাই ২০২৬ ৫:৩২ এএম
হাইকোর্টের আদেশে কারামুক্তির পথে ৩০ মামলার আসামি টেম্পু ইসমাইল

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইসমাইল হোসেন ওরফে টেম্পু ইসমাইলের জামিনে মুক্তির আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়ন ও আদালতের অবমাননার আশঙ্কা তুলে ধরে তার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট-৪ এর আদালত এ মুক্তির আদেশ দিয়েছেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ৮ জুলাই বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিট পিটিশন নং-৭৯৪৮/২০২৬-এর ওপর শুনানি শেষে তাকে হয়রানি না করতে এবং নির্দিষ্ট মামলায় গ্রেফতার দেখানো যাবে না মর্মে নির্দেশ দেন। এর পরও তাকে একটি মামলায় ‘শোন অ্যারেস্ট’ দেখানো হয়, যা হাইকোর্টের আদেশের পরিপন্থি বলে জানিয়েছেন আইনজীবীরা। এ অবস্থায় ওই শোন অ্যারেস্ট প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে তার কারাগার থেকে মুক্তির নির্দেশ দেয়া হয়।

পুলিশ ও গোয়েন্দা সংস্থার ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে চাঁদাবাজি, অপহরণ, অস্ত্র ও মাদক ব্যবসার সাথে জড়িত এই টেম্পু ইসমাইল। তার বিরুদ্ধে খুন, ডাকাতি ও মাদক আইনে মোট ৩০টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। ২০১৪ সালে চান্দগাঁও থানা পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এর আগেও তিনি একাধিকবার জামিনে বেরিয়ে এসে আবারও অপরাধ জগতে সক্রিয় হয়ে ওঠেন বলে পুলিশ নথিতে উল্লেখ রয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...