মিরপুর বিআরটিএতে দালালদের বিরুদ্ধে অভিযান, ৫ জনের কারাদণ্ড

প্রাইম বার্তা অনলাইন
২৩ জুলাই ২০২৬ ৯:০৮ পিএম
মিরপুর বিআরটিএতে দালালদের বিরুদ্ধে অভিযান, ৫ জনের কারাদণ্ড

রাজধানীর মিরপুরে অবস্থিত বিআরটিএ (বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ) কার্যালয়ে দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর আনসার (ডিএমএ)। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে পরিচালিত এই অভিযানে দালাল চক্রের ৮ সক্রিয় সদস্যকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে পাঁচজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর তিনজনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে গার্ড ইনচার্জ পিসি মো. খোরশেদ আলম ও এপিসি আল মিজানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—শামীম, আব্দুল মান্নান, আব্দুল্লাহ আল রাজিব, কাওসার আলী ও বাবুল হোসেন। এছাড়া আব্দুল্লাহ ইবনে শাকলাইন, রাকিব ও হেলালকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে। জানা যায়, গাড়ির কাগজপত্র ও বিভিন্ন সেবা দ্রুত করে দেওয়ার নাম করে তারা সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন।

কারাদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামিকে আইনি প্রক্রিয়া শেষে কাফরুল থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সেবাগ্রহীতাদের হয়রানি রোধ এবং স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...