শিপিং রিপোর্টার্স ফোরামের দায়িত্ব পেলেন হাবিব ও রাকিব
নৌ-পরিবহন ও বন্দর বিষয়ক সাংবাদিকদের সংগঠন শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশের (এসআরএফবি) দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হয়েছেন চ্যানেল ওয়ানের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান। এছাড়া সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এখন টিভির মাহমুদ রাকিব। গত শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর পরীবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সংগঠনের সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে হাবিবুর রহমানের প্রতিদ্বন্দ্বী ছিলেন যুগান্তরের কাজী জেবেল। ২০২৬-২০২৭ মেয়াদের এই কমিটির ১৩টি পদের মধ্যে ১১টি পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয় লাভ করেন। তবে সাংগঠনিক সম্পাদক পদে বৈশাখী টিভির ফাহিম মোনায়েম এবং বিটিভির মেজবাহ উল্লাহ শিমুল সমান ভোট পায়ার কারণে তাদের দুজনকে যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।
নবনির্বাচিত অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মাহবুব সৈকত (মাই টিভি), যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম সুমন (ভোরের ডাক), কোষাধ্যক্ষ বোরহান উদ্দিন (ঢাকা মেইল), দপ্তর সম্পাদক রাশিম মোল্লা (দৈনিক মানবজমিন) ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আলম (কালবেলা)। এছাড়া নির্বাহী সদস্য হিসেবে শামছুল ইসলাম, ফয়সাল আহাম্মেদ, হরলাল রায় সাগর ও আশীষ কুমার সেন নির্বাচিত হয়েছেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকনের নেতৃত্বে এ নির্বাচন পরিচালনা করা হয়।

