রাষ্ট্রপতির পদত্যাগের পর বঙ্গভবন চত্বরে সাংবাদিকদের ভিড়

প্রাইম বার্তা অনলাইন
২৪ জুলাই ২০২৬ ১১:৫০ পিএম
রাষ্ট্রপতির পদত্যাগের পর বঙ্গভবন চত্বরে সাংবাদিকদের ভিড়

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শুক্রবার বিকেলে জাতীয় সংসদে সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের ঘোষণা দেন। গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় তিনি পদত্যাগ করেছেন। এই ঘোষণার পরপরই রাজধানীর বঙ্গভবন এলাকায় বিপুল সংখ্যক সাংবাদিক ও উৎসুক মানুষ ভিড় জমান।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বঙ্গভবনের সামনে উপস্থিত সাংবাদিকদের মধ্যে রাষ্ট্রপতির বর্তমান অবস্থান নিয়ে নানা আলোচনা চলতে থাকে। তবে তিনি এখন বঙ্গভবনে আছেন কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। নিরাপত্তার কারণে সাংবাদিকদের বঙ্গভবনের সামনের চত্বরের উত্তর পাশে দাঁড়াতে দেওয়া হয়নি। তারা রাজউক ভবনের দক্ষিণ পাশের গেটের কাছে অবস্থান নেন।

বঙ্গভবনের প্রবেশমুখে কাঁটাতারের ব্যারিকেড দেখা গেলেও নিরাপত্তা ব্যবস্থার বাড়াবাড়ি লক্ষ্য করা যায়নি। প্রবেশের জন্য পূর্ব পাশে একটি ছোট পথ খোলা রাখা হয়েছে। বাইরের এই হইচই থাকলেও বঙ্গভবনের ভিতরে একেবারেই নিস্তরঙ্গ পরিবেশ বিরাজ করছিল। দীর্ঘ সময় পর পর দু-একটি গাড়ি প্রবেশ ও বের হতে দেখা গেছে।

এদিকে বঙ্গভবন সংলগ্ন সড়কগুলোতেও যানজট সৃষ্টি হয়েছে। জিপিও মোড় থেকে আসা যানবাহনগুলো ফ্লাইওভারে উঠছে আর দৈনিক বাংলা মোড় থেকে আসা গাড়িগুলো গুলিস্তানের দিকে যাচ্ছে। দুই দিক থেকে যানবাহনের চাপ একসঙ্গে পড়ায় ট্রাফিক পুলিশরা যান চলাচল স্বাভাবিক রাখতে হিমশিম খাচ্ছেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...