বৈশ্বিক সংকট মোকাবিলায় আসিয়ান ও অন্যান্য দেশের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
উদীয়মান বৈশ্বিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আসিয়ান এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় বন্ধুত্ব ও সহযোগিতা চুক্তির (টিএসি) সদস্য দেশগুলোর সাথে একযোগে কাজ করবে বাংলাদেশ। শুক্রবার (২৪ জুলাই) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় টিএসি চুক্তির ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর স্মারক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই প্রতিশ্রুতির কথা জানান।
বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি, জলবায়ুজনিত দুর্যোগ, সাইবার হামলা এবং সরবরাহ ব্যবস্থার অস্থিতিশীলতার মতো চ্যালেঞ্জগুলোর মোকাবিলায় একক প্রচেষ্টা যথেষ্ট নয়। যৌথ আগাম সতর্কতা ব্যবস্থা, ঝুঁকি মূল্যায়ন এবং আঞ্চলিক সংকট ব্যবস্থাপনার মাধ্যমে এসব সমস্যা সমাধান সম্ভব। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-নির্ভর সাইবার অপরাধ এবং সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে সমন্বিত পদক্ষেপের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পাঁচ দশক আগে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে টিএসি চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। ২০০৭ সালে এই চুক্তিতে যোগ দিয়ে আসিয়ানের সাথে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত হয় বাংলাদেশ। সম্মেলনের ফাঁকে ড. খলিলুর রহমান চিলি, নেদারল্যান্ডস, ফিলিপাইন ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

