শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক পাস বাধ্যতামূলক, জারি হলো প্রজ্ঞাপন

প্রাইম বার্তা অনলাইন
১৭ মার্চ ২০২৬ ১২:০৩ এএম
শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে স্নাতক পাস বাধ্যতামূলক, জারি হলো প্রজ্ঞাপন

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ম্যানেজিং বা এডহক কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক পাস বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর ফলে নিম্ন মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সব স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি পদে নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম এই শিক্ষাগত যোগ্যতা থাকা লাগবে।

গত ১০ মার্চ অনুষ্ঠিত এক মতবিনিময় সভার সিদ্ধান্তের আলোকে ২০২৪ সালের প্রবিধানমালার ২০২৫ সালের ৩১ আগস্টের সংশোধনী অনুযায়ী এই নির্দেশনা জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে, এডহক কমিটির সভাপতির সাধারণ শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক বা সমমানের ডিগ্রি। তবে কোনো ব্যক্তির শিক্ষা প্রসারে বিশেষ অবদান বা অন্য কোনো বিশেষ যোগ্যতা থাকলে আবশ্যিক ক্ষেত্রে মন্ত্রণালয় স্বতন্ত্রভাবেও সিদ্ধান্ত নিতে পারবে।

সভাপতি মনোনয়নের প্রক্রিয়া সম্পর্কেও প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, মহানগরের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার এবং অন্যান্য ক্ষেত্রে উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসকের মাধ্যমে তিনজন যোগ্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডের কাছে পাঠাতে হবে। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী বা সমাজসেবক এবং প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে এই তিনজনকে বেছে নেওয়া হবে। এরপর শিক্ষা বোর্ড প্রস্তাবিত এই তালিকা থেকে একজনকে সভাপতি হিসেবে চূড়ান্ত করবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...