মাদক ও সাইবার অপরাধ দমনে ইউএনওডিসির সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস

প্রাইম বার্তা অনলাইন
১৭ মার্চ ২০২৬ ২:৪২ এএম
মাদক ও সাইবার অপরাধ দমনে ইউএনওডিসির সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা বা ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনোর একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ মার্চ) বিকেলে গ্লোবাল ফ্রড সামিটের ফাঁকে ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে এই বৈঠক সম্পন্ন হয়।

বৈঠকে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও সংস্কার কর্মসূচির ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, বিশ্বমানের একটি জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করছে এবং এক্ষেত্রে ইউএনওডিসির কারিগরি সহায়তা ও নীতি নির্ধারণী পরামর্শ অত্যন্ত জরুরি। এর আগে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ৬৬৩ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার জন্যও সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মাদক নিয়ন্ত্রণ, মানবপাচার রোধ, সাইবার অপরাধ এবং মানি লন্ডারিং প্রতিরোধে বাংলাদেশের সাথে সম্পর্ক আরও জোরদার করার আশ্বাস দিয়েছেন ইউএনওডিসি প্রধান। বৈঠকে জন ব্র্যান্ডোলিনো বাংলাদেশের নিরাপত্তা খাতের উন্নয়ন ও অপরাধ দমনে সরকারের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরও এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...