ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক নিয়ন্ত্রণ ও পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

প্রাইম বার্তা অনলাইন
১৭ মার্চ ২০২৬ ১২:১১ এএম
ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী, মাদক নিয়ন্ত্রণ ও পুলিশ সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাতিসংঘের মাদক ও অপরাধ দমন সংস্থা ইউএনওডিসির নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। গতকাল সোমবার (১৬ মার্চ) ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে ‘গ্লোবাল ফ্রড সামিট’র ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পুলিশ বাহিনীর আধুনিকায়ন ও মাদক নিয়ন্ত্রণে টেকনিক্যাল সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে সংস্থাটি।

বৈঠককালে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক দমন, মানবপাচার প্রতিরোধ, মানি লন্ডারিং এবং সাইবার অপরাধ মোকাবিলায় ইউএনওডিসির দীর্ঘদিনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেছে সংস্থাটি। ইউএনওডিসি নির্বাচনের আগে ৬৬৩ জন পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেয় এবং নির্বাচনি আইনসংবলিত একটি হ্যান্ডবুক তৈরি করে দেয়। বিশ্বব্যাপী অপরাধের ধরন পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এই সহযোগিতাকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

সরকারের গৃহীত ব্যাপক ‘পুলিশ সংস্কার’ কর্মসূচির ওপরও জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ বাহিনীকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে এবং একটি আধুনিক ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে ইউএনওডিসির নীতিনির্ধারণী পরামর্শ ও কারিগরি সহযোগিতা কামনা করেন তিনি। ইউএনওডিসি নির্বাহী পরিচালক জন ব্র্যান্ডোলিনো বাংলাদেশের নিরাপত্তা খাতের উন্নয়ন এবং মাদক ও অপরাধ দমনে সরকারের অঙ্গীকারের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরও জোরদার করার আশ্বাস দেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...