তিন মাসে বদলে যাচ্ছে শিক্ষাকারিকুলাম, ফের পরীক্ষাভিত্তিক ভর্তি
শিক্ষা খাতে বড় সংস্কারের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি জানিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে শিক্ষা কারিকুলামে প্রয়োজনীয় সংস্কার আনার কাজ শুরু করা হবে। একইসাথে স্কুল-কলেজে ভর্তি প্রক্রিয়ায় লটারি পদ্ধতি বাতিল করে পুনরায় পরীক্ষাভিত্তিক ভর্তি পদ্ধতি প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়েছে সরকার। রাজধানীর গুলশানে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব তথ্য জানান।
ড. মাহদী আমিন বলেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে বর্তমান সরকার অত্যন্ত দ্রুত কাজ করছে। দায়িত্ব গ্রহণের মাত্র ২৮ কর্মদিবসের মধ্যে ফ্যামিলি কার্ড ও খাল খননের মতো জরুরি কাজ শুরু করা হয়েছে। শিক্ষা খাতেও একই গতিতে অগ্রগতি আনা হবে। তিনি জোর দেন যে, শিক্ষার মূল লক্ষ্য হবে কেবল সনদ অর্জন নয়, বরং নৈতিকতাসম্পন্ন ও দক্ষ মানবসম্পদ তৈরি করা। এ জন্য শিক্ষকদের মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানে গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে কোনো দলীয় ব্যক্তিকে নিযুক্ত করা হলে তা আদালতে চ্যালেঞ্জ করা হবে। শিক্ষাকে রাজনীতি-মুক্ত রাখার ওপর জোর দেন তিনি। এছাড়া প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, ঈদের পর স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

