মানবাধিকার সুরক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান ৯ আন্তর্জাতিক সংস্থার

প্রাইম বার্তা অনলাইন
১৬ মার্চ ২০২৬ ১১:০২ পিএম
মানবাধিকার সুরক্ষায় তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান ৯ আন্তর্জাতিক সংস্থার

স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিএনপির প্রধান তারেক রহমানের কাছে মানবাধিকার পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছে ৯টি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। সোমবার পাঠানো এক যৌথ চিঠিতে তারা বেশ কিছু সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। এই সংগঠনগুলোর মধ্যে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর্টিকেল নাইনটিন এবং সিভিকাস অন্যতম।

সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। এর আগে ২০২৪ সালে ব্যাপক গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে। মানবাধিকার সংগঠনগুলোর মতে, শেখ হাসিনার আমলে বিচারবহির্ভূত হত্যা ও গুম ছিল নিয়মিত ঘটনা। অন্তর্বর্তীকালীন সরকারের সময় পরিস্থিতি কিছুটা উন্নত হলেও সাংবাদিক ও সংখ্যালঘুদের ওপর হামলা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হয়রানি করার ঘটনা পুরোপুরি থামেনি।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেছেন, জনগণ তাদের জীবন বাজি রেখে পরিবর্তন চেয়েছিল। এই আকাঙ্ক্ষা পূরণ করতে হলে আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তিনি জানান, ধর্মীয় ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় সরকারকে স্পষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। চিঠিতে বিতর্কিত র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করা, অনির্দিষ্টকালের জন্য আটক বন্ধ করা এবং অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিচার বাস্তবায়নের দাবি জানানো হয়েছে। এছাড়া দেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর অধিকার রক্ষা এবং জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করারও পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...