জনগণের সেবক হতে এসেছি, প্রটোকল প্রয়োজন নেই: ভূমিমন্ত্রী মিনু
জনগণের সেবক হিসেবে কাজ করতে এসেছেন বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো প্রটোকল মানেন না এবং সরকারি কাজের বাইরে গাড়িতে ফ্ল্যাগ ব্যবহার করেন না। সোমবার দুপুরে নওগাঁর নিয়ামতপুরে বিল লতা খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সাধারণ মানুষের মাঝে মিশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং নিজেদের নিরাপত্তা নিয়ে ভ্রুক্ষেপ না করার কথা জানান।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাল খননের গুরুত্বের ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারা অব্যাহত রেখেছেন। নিয়ামতপুরের বেলগাপুর থেকে জুলুপাড়া পর্যন্ত ১ হাজার ২০০ মিটার খাল খনন কাজটি এলজিইডির বাস্তবায়নে ১৫ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন হবে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের সব ধরনের অনিয়ম ও দুর্নীতি দমনে তিনি কঠোর অবস্থানের কথা জানান এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।
নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এই সভায় আরও বক্তব্য রাখেন নওগাঁ জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক, সংসদ সদস্য জাহিদুল ইসলাম, ফজলে হুদা বাবুল ও ইকরামুল বারী। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

