দ্য গ্রেট গেম: মধ্যপ্রাচ্য দখল নিয়ে ব্রিটেন-রাশিয়ার দীর্ঘ ছায়াযুদ্ধের নেপথ্য

ঊনবিংশ শতাব্দীতে এশিয়ার ভূ-রাজনৈতিক কৌশল নিয়ে বিশ্বের দুই তৎকালীন মহাশক্তি ব্রিটেন ও রাশিয়ার মধ্যে যে কৌশলগত দ্বন্দ্ব তৈরি হয়েছিল, ইতিহাসে তা ‘দ্য গ্রেট গেম’ নামে পরিচিত। এটি মূলত ছিল মধ্য এবং দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক দীর্ঘমেয়াদী সংঘাত। তৎকালীন ব্রিটিশ ভারত সরকার ১৮৩০ সালে রাশিয়ার মধ্য এশিয়ায় অগ্রসর হওয়ার বিষয়টি নিয়ে গভীরভাবে শঙ্কিত হয়ে পড়ে।
১৮৩৮ সালে প্রথম ব্রিটিশ-আফগান যুদ্ধ শুরু হলে এই প্রতিযোগিতা স্পষ্ট আকার ধারণ করে। ১৮৫০ থেকে ১৮৯০ সালের মধ্যে রাশিয়া তাসখন্দ, সমরকন্দ ও খিভা দখল করে আফগানিস্তানের সীমান্তে পৌঁছালে ব্রিটিশরা আফগানিস্তানকে ‘বাফার স্টেট’ বা মধ্যবর্তী রাষ্ট্র হিসেবে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা চালিয়ে যায়। প্রত্যক্ষ যুদ্ধে না জড়িয়ে তৃতীয় পক্ষ বা স্থানীয় শাসকদের ব্যবহার করে প্রভাব বিস্তারের এই কৌশলটি ইতিহাসে ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার নামে পরিচিতি পায়।
এই দীর্ঘ টানাপোড়েনের অবসান ঘটে ১৯০৭ সালে অ্যাংলো-রাশিয়ান কনভেনশন স্বাক্ষরের মাধ্যমে। এই চুক্তির মাধ্যমে তৎকালীন পারস্য (বর্তমান ইরান), আফগানিস্তান এবং তিব্বত নিয়ে দুই শক্তি একটি সমঝোতায় পৌঁছালেও পরবর্তী সময়ে এই অঞ্চল নিয়ে মহাশক্তিগুলোর হিড়িক কূটনীতি একই থাকে, শুধু বদলে যায় খেলোয়াড়ের নাম।

