যুদ্ধজাহাজে টয়লেট সংকট: লাইনে দাঁড়িয়ে ৪৫ মিনিট কাটাচ্ছেন মার্কিন নাবিকরা

যুদ্ধের ময়দানে থাকা মার্কিন নৌবাহিনীর সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন চরম এক বিপাকে। প্রায় পাঁচ হাজার নাবিক ও সেনা সদস্য থাকা এই জাহাজটির অত্যাধুনিক পয়োনিষ্কাশন ব্যবস্থা বিকল হয়ে পড়ায় প্রস্রাব করতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা। প্রতিবেদনে বলা হয়েছে, শৌচাগার ব্যবহারের জন্য নাবিকদের গড়ে ৪৫ মিনিট পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এমন অবস্থায় ইন্টারনেট দুনিয়াতে একে নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা ও রসিকতা।
গত ১৫ জানুয়ারি এনপিআর-এর এক প্রতিবেদনে জানানো হয়, রণতরিটির ভ্যাকুয়াম সিস্টেমভিত্তিক বর্জ্য নিষ্কাশনের নালাগুলো বারবার বন্ধ হয়ে যাচ্ছে। সমুদ্রের মাঝে থাকার কারণে ডকইয়ার্ডে ফিরে না গেলে এর স্থায়ী সমাধান করা সম্ভব হচ্ছে না। ফলে দীর্ঘদিন ধরে টানা সাগরে থাকা এবং এই অব্যবস্থাপনার কারণে নাবিকদের মনোবল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জাহাজটি গত জুন থেকেই সমুদ্রে মোতায়েন রয়েছে এবং ইরানের সাথে সংঘাতের কারণে তাদের মিশনের মেয়াদও বেশ কয়েকবার বাড়ানো হয়েছে।
জাহাজের অধিনায়ক ক্যাপ্টেন ডেভিড স্কারোসি পরিবারের সদস্যদের লেখা এক চিঠিতে মিশনের মেয়াদ বাড়ার বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। সাধারণত ছয় মাসের মিশন হলেও জেরাল্ড আর ফোর্ডকে অনেক বেশি সময় সাগরে কাটাতে হচ্ছে। অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মার্ক মন্টগোমারি জানিয়েছেন, এটি স্বাভাবিক প্রত্যাশার চেয়েও বেশি দীর্ঘমেয়াদী। তবে মার্কিন নৌবাহিনীর দাবি, এই পয়োনিষ্কাশন সংকট তাদের যুদ্ধ সক্ষমতা বা প্রস্তুতিতে কোনো প্রভাব ফেলবে না।

