ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা

প্রাইম বার্তা অনলাইন
২৪ সেপ্টেম্বর ২০২৬ ৭:০৬ এএম
ধ্বংসস্তূপ থেকে গাজা: ৬৬ প্রকল্পে ২৪৫ কোটি ডলারের পুনরুদ্ধার রূপরেখা

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনরুদ্ধারে বড় উদ্যোগ নিচ্ছে ডোনাল্ড ট্রাম্পের গঠিত ‘বোর্ড অব পিস’। আগামী ছয় মাসের জন্য ২৪৫ কোটি ডলারের একটি পুনরুদ্ধার পরিকল্পনা প্রকাশের প্রস্তুতি চলছে, যা বুধবার (২৩ সেপ্টেম্বর, স্থানীয় সময়) বোর্ডের সদস্যদের বৈঠকে উপস্থাপিত হবে। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত ৩৬৫ বর্গ কিলোমিটারের গাজা উপত্যকা সম্পূর্ণভাবে গড়ে তুলতে ভবিষ্যতে ১০ বছরে প্রয়োজন হবে প্রায় ৭১ দশমিক ৪ বিলিয়ন ডলার।

প্রায় এক বছর ধরে বোর্ড অব পিসের ২৮ সদস্য দেশের প্রতিনিধি ও ফিলিস্তিনি সরকারের বহু কর্মকর্তা মিলে এই ৬৬টি প্রকল্পের রূপরেখা প্রণয়ন করেছেন। এতে অস্থায়ী আবাসন, ধ্বংসস্তূপ অপসারণ, হাসপাতাল সংস্কার, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বহুজাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েনের সম্ভাব্য ব্যয়ের হিসাব রাখা হয়েছে। বোর্ডের এক কর্মকর্তার ভাষায়, এই পরিকল্পনা দেখাচ্ছে কীভাবে শূন্য থেকে একটি সরকার এবং ধ্বংসস্তূপ থেকে একটি অর্থনীতি গড়ে তোলা সম্ভব। মোট প্রকল্পগুলোকে ছয়টি খাতে ভাগ করা হয়েছে—অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড ত্বরান্বিতকরণ, ডিজিটাল রূপান্তর, আইন-বিচার এবং শান্তি ও নিরাপত্তা।

পরিকল্পনার তথ্যমতে, গাজার অবকাঠামোগত ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ দশমিক ২ বিলিয়ন ডলার। প্রথম পর্যায়ে অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১ বিলিয়ন ডলার, যার মধ্যে অস্থায়ী আশ্রয়ে ৪০০ মিলিয়ন, ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত গোলাবারুদ অপসারণে ২৭৫ মিলিয়ন, হাসপাতাল পুনর্বাসনে ৫০ মিলিয়ন এবং সড়ক মেরামতে ৩০ মিলিয়ন ডলার রয়েছে। এ ছাড়া সীমান্ত ক্রসিং সংস্কার, বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যবস্থা পুনরুদ্ধার, ২৫ হাজার বহনযোগ্য সৌরবিদ্যুৎ কিট স্থাপন এবং পুনর্গঠন প্রকল্পের স্থাপনার নিচে থাকা সুড়ঙ্গ স্থায়ীভাবে ভরাটের পরিকল্পনাও রয়েছে। নিরাপত্তা খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৮৮৫ মিলিয়ন ডলার।

তবে এই পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল ও হামাস—উভয় পক্ষের সহযোগিতা অপরিহার্য। বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার প্রস্তাবের কিছু বিষয়ে নীতিগত সম্মতি দিলেও নির্বাচনের আগে অভ্যন্তরীণ রাজনৈতিক কারণে দ্রুত বাস্তবায়ন শুরু করতে অনিচ্ছুক। অন্যদিকে হামাস নীতিগতভাবে নিরস্ত্রীকরণে রাজি হলেও তা এখনো বাস্তবে রূপ নেয়নি, কারণ নিরস্ত্রীকরণ শুরুর আগে ১৪ দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি নয় ইসরায়েল।

বোর্ড অব পিসের আশা, আগামী ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নিলে গাজা পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। তবে ভোটে স্পষ্ট একক বিজয়ী না আসলে তত্ত্বাবধায়ক সরকার ও রাজনৈতিক অচলাবস্থার ঝুঁকি তৈরি হতে পারে, যা গাজা পুনর্গঠনের পথকে আরও জটিল করে তুলতে পারে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...