মার্কিন রণতরীতে ইরানের হামলার দাবি, ওয়াশিংটনের তীব্র প্রত্যাখ্যান

প্রাইম বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬ ১২:২৩ পিএম
মার্কিন রণতরীতে ইরানের হামলার দাবি, ওয়াশিংটনের তীব্র প্রত্যাখ্যান

আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে খ্যাত ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’-এর অধীনে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে যে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে সরাসরি হামলা চালিয়েছে। তাদের ভাষ্যমতে, চারটি ব্যালিস্টিক মিসাইল রণতরীটিকে আঘাত করেছে, যার ফলে এটি আরব সাগর ও পারস্য উপসাগরীয় অঞ্চল ছেড়ে ভারত মহাসাগরের দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

অবশ্য ইরানের এই দাবি একেবারেই ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম। এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, রণতরীটি কোনো মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়নি এবং এটি সম্পূর্ণ সচল রয়েছে। সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়, ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো রণতরীর ধারেকাছেও আসেনি এবং তারা ‘অপারেশন এপিক ফিউরি’-র অংশ হিসেবে তাদের বিমান উড্ডয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে।

এদিকে, ইউএসএস আব্রাহাম লিংকনের বর্তমান অবস্থান নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। রণতরীটির লাইভ ট্র্যাকিং বন্ধ করে দেওয়া হয়েছে এবং মার্কিন নৌ-গবেষণা প্রতিষ্ঠান ইউএস নেভাল ইনস্টিটিউটের পক্ষ থেকেও এর সর্বশেষ অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রদান করা হয়নি, যা পরিস্থিতি নিয়ে নতুন করে জল্পনা তৈরি করেছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...