ইরানের বিরুদ্ধে যুদ্ধ থামাবে না ইসরায়েল, জবাবে হামলার ঢেউ
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের ওপর আক্রমণাত্মক অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, তেহরানের শাসন ব্যবস্থার ওপর তীব্র হামলা চালাতে একটি বিশেষ এয়ার ব্রিজ তৈরির পরিকল্পনা করছে তারা। এক্স হ্যান্ডেলে দেওয়া বার্তায় তিনি ইরানি লক্ষ্যবস্তুতে আরও শক্তিশালী অভিযান পরিচালনার কথা জানান।
সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার ফলে তেহরানসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যায়। এই হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা পদক্ষেপ হিসেবে ষষ্ঠ ধাপের হামলার কথা জানিয়েছে ইরান। ইরানি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অবস্থানগুলোতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।
আইআরজিসির দাবি, তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটি অন্যতম। এছাড়া ইসরায়েলের তেল নফ এয়ারবেস, তেল আবিবের হাকিরিয়ায় অবস্থিত সেনাবাহিনীর কমান্ড সদর দপ্তর এবং স্থানীয় একটি বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সেও আঘাত হানা হয়েছে। এদিকে, সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সেনাদের লক্ষ্য করেও ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে, যা অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

