মধ্যপ্রাচ্যে ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, দুবাইয়ে অগ্নিকাণ্ড

রোববার (১ মার্চ) সকাল থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক সামরিক হামলা শুরু করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসির মাধ্যমে ইসরায়েল এবং অঞ্চলটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে প্রচুর ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এই নিয়ে ধারাবাহিকভাবে ষষ্ঠবারের মতো এই ধরনের বড় আক্রমণ পরিচালনা করলো তেহরান।
ইরানের এই হামলার পরপরই ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে সতর্ক সংকেত বা সাইরেন বেজে ওঠে। দেশটির সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। দুবাইয়ের প্রধান বাণিজ্যিক বন্দর জেবেল আলিতে আকাশ থেকে কোনো বস্তু পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং সেখান থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যায়, যা ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিরোধের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ বলে ধারণা করা হচ্ছে।
একই সময় কাতারের রাজধানী দোহাতেও সকাল সাড়ে ৭টার দিকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাহরাইন কর্তৃপক্ষ নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দিয়েছে। অপরদিকে ইরাকের ইরবিল বিমানবন্দরের কাছে বড় ধরনের আগুন লাগার খবর পাওয়া গেছে। হামলার পর পুরো অঞ্চলজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে এবং সব দেশ সতর্ক অবস্থায় রয়েছে।

