মার্কিন হামলার জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা ইরানের
যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ সামরিক হামলার জেরে বড় ধরনের প্রতিশোধ নিতে শুরু করেছে ইরান। সর্বশেষ খবরে বলা হয়েছে, বিশ্বের অন্যতম প্রধান তেল সরবরাহের পথ হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচল করতে পারবে না বলে জানিয়ে দিয়েছে তেহরান। ইউরোপীয় ইউনিয়নের নৌ-মিশন অ্যাসপাইডস জানিয়েছে, আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড বেতার বার্তায় ওই অঞ্চলের সব জাহাজকে সতর্ক করে বলেছে যে প্রণালীটি অতিক্রম করা তাদের জন্য অনুমোদিত নয়।
এই প্রণালীটি মূলত সৌদি আরব, ইরাক, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোর জ্বালানি তেল বিশ্ববাজারে পৌঁছানোর প্রধান করিডোর। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থাও সাগরে থাকা জাহাজগুলো থেকে একাধিক রিপোর্ট পেয়েছে যেখানে হরমুজ প্রণালী বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এখন পর্যন্ত ইরান সরকার এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
উল্লেখ্য, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শীর্ষ নেতাদের টার্গেট করে বিমান হামলা চালায়। এর জবাবে ইরান মার্কিন স্বার্থরক্ষায় নিয়োজিত বেশ কয়েকটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, তাদের এই পদক্ষেপ ইরানি জনগণকে তাদের শাসকদের বিরুদ্ধে দাঁড়াতে সাহায্য করবে।

