জন্ম-মৃত্যু নিবন্ধনে দেশসেরা গলাচিপার ইউএনও ইজাজুল হক
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে সারা দেশের মধ্যে সেরা হয়েছে পটুয়াখালীর গলাচিপা উপজেলা। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি নিবন্ধন সম্পন্ন করে গলাচিপা উপজেলা ২১১ দশমিক ৫ শতাংশ অর্জন করেছে। উপজেলা পর্যায়ে এ অর্জন দেশের মধ্যে সর্বোচ্চ।
মঙ্গলবার (১১ আগস্ট) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জুলাই মাসে গলাচিপা উপজেলায় জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। এর বিপরীতে নিবন্ধন হয়েছে ৬৩৭টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, সেখানে নিবন্ধন হয়েছে ৩১৮টি। জন্ম ও মৃত্যু নিবন্ধন মিলিয়ে উপজেলার গড় অর্জন দাঁড়িয়েছে ২১১ দশমিক ৫ শতাংশ।
এদিকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে জুলাই মাসে বরিশাল বিভাগ ৭৭ দশমিক ৫ শতাংশ অর্জন করে সারা দেশে প্রথম হয়েছে। জেলা পর্যায়ে ১১৩ দশমিক ৯ শতাংশ অর্জন করে প্রথম হয়েছে পটুয়াখালী জেলা। উপজেলা পর্যায়ে গলাচিপার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনার দাকোপ উপজেলা, যার অর্জন ১৩০ শতাংশ।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক বলেন, “দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে জড়িত প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সবাইকে একই সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলেই আজকের এ সাফল্য।”
উল্লেখ্য, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গত দুই মাসে বরিশাল বিভাগের সেরা ইউএনও হওয়ার কৃতিত্বও অর্জন করেছেন আবুজর মো. ইজাজুল হক। এর আগে ২০২৪-২০২৫ অর্থবছরে দুমকীর ইউএনও থাকাকালীন জন্ম-মৃত্যু নিবন্ধনে দুমকী উপজেলা বর্ষসেরা এবং তিনি বর্ষসেরা ইউএনও নির্বাচিত হয়েছিলেন।
বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক, স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) মো. আহসান হাবিব বলেন, “সারা দেশের মধ্যে বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা ও গলাচিপা উপজেলা প্রথম হওয়া সত্যিই সুখের খবর। ডিসি, ইউএনও ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতায় এ কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।”
প্রশাসনের সংশ্লিষ্টরা মনে করছেন, জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং মাঠপর্যায়ে নিয়মিত তদারকি অব্যাহত থাকলে এ কার্যক্রমে আরও ভালো ফলাফল অর্জন সম্ভব হবে।

