মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটে জব ফেয়ার, সরাসরি সাক্ষাৎকার ও চাকরির সুযোগ

প্রাইম বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬ ৪:৪৪ পিএম
মাদারীপুরে নার্সিং ইনস্টিটিউটে জব ফেয়ার, সরাসরি সাক্ষাৎকার ও চাকরির সুযোগ

মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত এক চাকরি মেলায় নার্সিং ডিপ্লোমা সম্পন্ন শিক্ষার্থীদের কর্মসংস্থানের নতুন দিশারি হিসেবে কাজ করল। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ইনস্টিটিউটের নতুন ভবনে অ্যাসেট প্রকল্পের অর্থায়নে এই মেলার আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য ছিল বেসরকারি স্বাস্থ্যখাতের সঙ্গে সরাসরি যোগসাজশ স্থাপন করা এবং নার্স ও মিডওয়াইফারি শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

এতে মাদারীপুর ও শরীয়তপুর জেলার মোট ১০টি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। মেলায় উপস্থিত চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পান। নিয়োগকর্তারা তাদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করার পাশাপাশি মেলা প্রাঙ্গণেই তাৎক্ষণিক সাক্ষাৎকার গ্রহণ করেন। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মের বেকারত্ব দূরীকরণে এবং দক্ষ নার্সদের যোগ্য কর্মক্ষেত্রে প্রবেশ করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অ্যাসেট প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (স্বাস্থ্য) ডা. মেহবুবা সাঈদ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. সরদার মোহাম্মদ খলিলুজ্জামান ও ডিজিএনএম-এর সহকারী পরিচালক খাদিজা বাসমিন। জেলা প্রশাসক মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উপস্থিতদের সঙ্গে মতবিনিময় করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে এ ধরনের কর্মসংস্থান মেলা আরও বৃদ্ধির পরিকল্পনা রয়েছে তাদের।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...