জান্নাত-জাহান্নামের মাঝখানে আরাফবাসীদের ভয়াবহ আকুতি
কেয়ামতের দিন মানুষ সাধারণত জান্নাত ও জাহান্নাম—এই দুই ভাগে বিভক্ত হবে। তবে এর বাইরেও একটি বিশেষ শ্রেণি থাকবে, যারা এ দুয়ের মাঝামাঝি স্থানে অবস্থান করবে। পবিত্র কোরআনে এদের নাম দেওয়া হয়েছে ‘আসহাবে আরাফ’। যাদের নেকি ও পাপের পরিমাণ সমান, তারাই এই মধ্যবর্তী স্থানে সাময়িকভাবে বাস করবে এবং তাদের অবস্থান নিয়েই সুরা আরাফ নামকরণ করা হয়েছে।
জান্নাত ও জাহান্নামের মাঝখানের প্রাচীরবেষ্টিত উচ্চভূমিকেই ‘আরাফ’ বলা হয়। হযরত ইবনে আব্বাস (রা.) একে উঁচু টাওয়ারের সাথে তুলনা করেছেন। এখানকার বাসিন্দারা উভয় পক্ষের মানুষকে তাদের চিহ্ন দেখে শনাক্ত করতে পারবে। যখন তারা জান্নাতিদের দিকে তাকাবে, তখন তাদের মনে আনন্দ জাগবে এবং তারা ‘সালামুন আলাইকুম’ বলে শুভেচ্ছা জানাবে। অন্যদিকে, জাহান্নামের দিকে তাকালে আগুনের লেলিহান শিখা দেখে তারা আল্লাহর কাছে আকুতি জানাবে। তারা বলবে, ‘হে আমাদের রব! আমাদেরকে জালেম সম্প্রদায়ের সঙ্গী করবেন না।’
এই দলটি জাহান্নামের আগুনে পুড়তে দেখবে সেইসব প্রতাপশালী ও অহংকারী নেতাদের, যারা দুনিয়ায় মানুষকে পথভ্রষ্ট করেছিল। তখন তারা ভর্ৎসনা করে বলবে, দুনিয়ায় তোমাদের সেই দল ও অহংকার আজ আর কোনো কাজে আসছে না। আসহাবে আরাফের এই অবস্থা থেকে বিশেষ শিক্ষা পাওয়া যায় যে, সাময়িক ক্ষমতা বা সম্পদ পরকালে মানুষকে বাঁচাতে পারে না। তাই প্রতিটি মুমিনের উচিত জালেমদের সঙ্গ ত্যাগ করে নেক কাজের মাধ্যমে আখেরাতের মুক্তির পথ খুঁজে নেওয়া।

