রমজানে ইবাদত ও স্বাস্থ্য সুরক্ষায় আস-সুন্নাহর গুরুত্বপূর্ণ সেমিনার
আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে আত্মশুদ্ধি ও সুপরিকল্পিত ইবাদতের মাধ্যমে সার্থক করার লক্ষ্যে সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাজধানীর আফতাবনগরে অবস্থিত আস-সুন্নাহ অডিটোরিয়ামে ‘প্রোডাক্টিভ রমাদান সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত এই অনুষ্ঠানে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা আড়াই ঘণ্টা সচেতন মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা ও নির্দেশনা প্রদান করা হয়। এতে প্রায় ছয় শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে ‘প্রোডাক্টিভ রমাদানের পথনির্দেশনা’ শীর্ষক সেশন পরিচালনা করেন সংস্থার চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, রমজান শুধু ক্ষুধা সংবরণ নয়, বরং এটি আত্মশুদ্ধি অর্জন ও সময়কে সর্বোচ্চ ইবাদতে বিনিয়োগ করার অনন্য সুযোগ। অনেকেই রমজানের প্রকৃত উদ্দেশ্য উপলব্ধি করতে ব্যর্থ হন। একটি গুনাহমুক্ত জীবনযাপন অভ্যাস করা, ইবাদতের অনুকূল পরিবেশ তৈরি করা এবং বাধা দূর করার পাশাপাশি বেশি বেশি দোয়া করার ওপর জোর দেন তিনি। এসময় তিনি উপমহাদেশের বিশিষ্ট দার্শনিক সাইয়্যেদ আবুল হাসান আলী নদভীর (রহ.) ‘রমাদানের সিয়াম ও জীবনের সিয়াম’ প্রবন্ধের গভীর ব্যাখ্যা তুলে ধরেন।
এছাড়াও ‘সুস্থ শরীরে সিয়াম পালন: ডায়েট ও নিউট্রিশন’ বিষয়ে কথা বলেন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট মুহাম্মদ সজল। তিনি বলেন, ভুল খাদ্যাভ্যাসের কারণে সাহরি ও ইফতারের পর শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে, যা দীর্ঘ সময় ইবাদতে বাধা দেয়। তিনি সাহরিতে সহজপাচ্য পুষ্টিকর খাবার এবং ইফতারে অতিরিক্ত ভাজাপোড়া খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন। সঠিক পুষ্টির মাধ্যমে শরীরে শক্তি সঞ্চয় করে ইবাদতে মনোযোগী হওয়া সম্ভব বলে জানান এই পুষ্টিবিদ।

