মৃত্যুর পর চোখ বন্ধ করার সময় পড়ার বিশেষ দোয়া ও ফজিলত

প্রাইম বার্তা অনলাইন
০৬ জানুয়ারি ২০২৬ ২:৩৩ এএম
মৃত্যুর পর চোখ বন্ধ করার সময় পড়ার বিশেষ দোয়া ও ফজিলত

মৃত্যু সব প্রাণীর জন্যই নির্ধারিত, যেমনটা পবিত্র কোরআনে সুরা নিসার ৭৮ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। কোনো মুসলিমের মৃত্যু হলে তার গোসল, কাফন ও জানাজা দ্রুত সম্পন্ন করা মুমিনের দায়িত্ব। রাসুলুল্লাহ (স.) হজরত আলী (রা.)-কে তিনটি বিষয়ের একটি হিসেবে জানাজার কাজ বিলম্ব না করতে নির্দেশ দিয়েছেন। এই সময় মৃত ব্যক্তির চোখ দুটি আলতো করে বন্ধ করা এবং নির্দিষ্ট দোয়া পড়া সুন্নাত।

উম্মুল মুমিনিন হজরত উম্মে সালামা (রা.) থেকে বর্ণিত হয়েছে, আবু সালামা (রা.)-এর মৃত্যুর পর রাসুল (স.) তার চোখ বন্ধ করার সময় একটি বিশেষ দোয়া পড়েছিলেন। ওই দোয়াটি হলো—‘আল্লাহুম্মাগফির লি-ফুলান (মৃত ব্যক্তির নাম), ওয়ারফা’ দারজাতাহু ফিল-মাহদিয়্যিন, ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল-গাবিরিন, ওয়াগফির লানা ওয়ালাহু ইয়া রাব্বাল আলামিন, ওয়াফসাহ লাহু ফি কাবরিহি ওয়া নাউয়ির লাহু ফিহি।’ এর অর্থ: হে আল্লাহ, অমুককে ক্ষমা করুন, হেদায়েতপ্রাপ্তদের মধ্যে তার মর্যাদা বাড়িয়ে দিন, তার পরিবারের মাঝে তার স্থলাভিষিক্ত করুন। হে বিশ্বপ্রতিপালক! আমাদের ও তার পাপ মাফ করুন এবং কবরকে তার জন্য প্রশস্ত ও আলোকিত করে দিন (সহিহ মুসলিম: ৯২০)।

এছাড়া তিরমিজি শরিফে মৃত্যুর সময় পাঠ করার জন্য আরেকটি দোয়াও বর্ণনা করা হয়েছে। সেই দোয়াটি হলো—‘বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ, আল্লাহুম্মা ইয়াসসির আলাইহি আমরাহু, ওয়া সাহহিল আলাইহি মা-বা’দাহু, ওয়া আস্-য়িদহু বি-লিকাইকা, ওয়াজআল মা খারাজা ইলাইহি খাইরাম মিম্মা খারাজা মিনহু।’ এর অর্থ: আল্লাহর নামে এবং রাসুলুল্লাহ (স.)-এর দ্বীনের ওপর। হে আল্লাহ! তার পরবর্তী কাজকর্ম সহজ করুন, আপনার সাক্ষাৎ তাকে সুখী করুন এবং তিনি যেখান থেকে বের হলেন, তার চেয়ে উত্তম গন্তব্যে পৌঁছে দিন।

ইসলামি শরিয়তে মৃত্যুর পর এই দোয়াগুলো পড়া কোনো সাধারণ প্রথা নয়, বরং মৃত ব্যক্তির প্রতি প্রথম রহমত প্রদর্শনের মাধ্যম। তাই প্রিয়জনকে শেষবারের মতো বিদায় জানানোর সময় সুন্নাহসম্মত এই দোয়াগুলো জেনে রাখা ও আমল করা প্রতিটি মুসলমানের অবশ্য কর্তব্য।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...