নয়াবাজারে বন্ডেড পণ্য খালাসের চেষ্টা, ১০ ট্রাকসহ ৭৩ টন মাল জব্দ

প্রাইম বার্তা অনলাইন
২৯ আগস্ট ২০২৬ ৫:৩৪ পিএম
নয়াবাজারে বন্ডেড পণ্য খালাসের চেষ্টা, ১০ ট্রাকসহ ৭৩ টন মাল জব্দ

রাজধানীর পুরান ঢাকার নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৩ মেট্রিক টন ডুপ্লেক্স বোর্ডসহ ১০টি কাভার্ডভ্যান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। গত শুক্রবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, খুলনার একটি বন্ডেড প্রতিষ্ঠানে পণ্যগুলো পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত রুট পরিবর্তন করে ট্রাকগুলো নয়াবাজারে প্রবেশ করে এবং সেখানে স্থানীয় আড়তে অবৈধভাবে খালাসের প্রস্তুতি চলছিল।

সিআইআইডি সূত্রে জানা যায়, ভারতের মেহালি পেপারস প্রাইভেট লিমিটেড থেকে খুলনার শ্রী ফ্লেক্সোপ্যাক লিমিটেডের নামে এসব পণ্য আমদানি করা হয়। চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্কায়ন সম্পন্নের পর এগুলো ডেলটা ট্রান্সপোর্ট সার্ভিসের মাধ্যমে খুলনায় যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাকগুলো স্বাভাবিক রুট (কাঁচপুর, মাওয়া এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু) ব্যবহার না করে বিপরীতমুখী হয়ে ঘনবসতিপূর্ণ নয়াবাজারে ঢুকে পড়ে। অভিযানকালে সিআইআইডির উপস্থিতি টের পেয়ে একটি ট্রাক দ্রুত পালিয়ে গেলেও পরে অভিযানস্থলে মোতায়েন করা এবং পণ্য বিক্রির প্রস্তুতিতে থাকা আরও একটি ট্রাকসহ মোট ১০টি ট্রাক আটক করা সম্ভব হয়।

কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক-১ এর নেতৃত্বে এই অভিযানে র‍্যাব-১০ এবং পুলিশের লালবাগ বিভাগ সহযোগিতা করে। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা পণ্য চোরাচালানের উদ্দেশ্যে খোলা বাজারে বিক্রির অপচেষ্টা রুখে দিতে কঠোর অবস্থানে রয়েছে সংস্থাটি। পালিয়ে যাওয়া ট্রাকটি শনাক্ত ও জব্দ করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...