কপ-১৭ সাইডলাইনে পরিবেশমন্ত্রী, ভারত ও মঙ্গোলিয়ার সঙ্গে বৈঠক
মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে অনুষ্ঠিত জাতিসংঘের মরুকরণ মোকাবিলা সম্মেলনের (কপ-১৭) ফাঁকে বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক সম্পন্ন করেছেন। সম্মেলনের প্রান্তিকে ভারত ও মঙ্গোলিয়াসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে তার এই বৈঠকে জলবায়ু সহনশীলতা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
গত ২৪ আগস্ট ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দর যাদবের সাথে মিন্টুর বৈঠকে সুন্দরবন ও বঙ্গোপসাগরের বাস্তুতন্ত্র রক্ষায় যৌথ পদক্ষেপের পাশাপাশি খরা মোকাবিলা ও জলবায়ু-সহনশীল কৃষি নিয়েও আলোচনা হয়। এছাড়া দুই দেশের মধ্যে সৌরবিদ্যুত ও ব্যাটারি এনার্জি স্টোরেজের মতো নবায়নযোগ্য জ্বালানি খাতে প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। পরিবেশমন্ত্রী জানান, বাংলাদেশ ভূমি অবক্ষয়রোধে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে চায় এবং অন্যান্য দেশের সফল উদ্যোগ থেকেও শিক্ষা নিতে আগ্রহী।
অপরদিকে, মঙ্গোলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বাৎসাৎসেগ বাতমুনখের সাথে অনুষ্ঠিত বৈঠকে উভয় দেশে দূতাবাস স্থাপনের মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে ঐকমত্য পোষণ করা হয়। এতে বাংলাদেশ থেকে ওষুধ, তৈরি পোশাক ও কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির পথও পর্যালোচনা করা হয়।

