মিছিল করতে গিয়ে ধরা পড়লেন যুবলীগ-ছাত্রলীগের ১৪ নেতাকর্মী
চট্টগ্রাম নগরের পাঁচলাইশে মিছিল করার প্রস্তুতির সময় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ১৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে মুরাদপুর রেলগেট এলাকা থেকে তাদের আটক করে পরে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ও পরিদর্শক (তদন্ত) অমিতাভ দত্তের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় মুরাদপুর ১ নম্বর রেলগেট সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. কামরুল হাসান (৩৬), হুমায়ুন কবির (৩৫), মো. ইমরান হোসেন (৩৪), নাজমুস সালেহীন নাঈম (২৩), মো. এমরান হোসেন (২৬), তানিম হাসান (২৪), মেহেদী হাসান শুভ (২১), মো. ফরহাদ উল্ল্যাহ (১৯), মো. আরাফাত (২০), মো. ইফাত রহমান (১৯), মো. পারভেজ (২৫), মো. হায়দার (১৯), মো. নয়ন হোসেন ইমন (১৭) ও মো. আব্দুল্লাহ আরমান (১৭)।
আটককৃতদের বিরুদ্ধে শনিবার পাঁচলাইশ মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৬(২), ৭, ৮, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। পুলিশের ভাষ্যমতে, এই ব্যক্তিরা কার্যক্রম স্থগিত হওয়া আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং তারা মিছিলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

