চট্টগ্রামে মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত অঙ্গীকারের ডাক মীর হেলালের

প্রাইম বার্তা অনলাইন
২২ আগস্ট ২০২৬ ১১:৫৮ পিএম
চট্টগ্রামে মাদকমুক্ত সমাজ গড়তে সম্মিলিত অঙ্গীকারের ডাক মীর হেলালের

চট্টগ্রামে মাদকের ভয়াল থাবা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে রাষ্ট্রীয় উদ্যোগের পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে এবং একটি ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শনিবার (২২ আগস্ট) বিকেলে চট্টগ্রাম পুলিশ লাইন্স সিভিক সেন্টারে জেলা পুলিশ আয়োজিত ‘মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে সম্মিলিত অঙ্গীকার’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশের শুরুতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রশাসন, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, আইনজীবী, শিক্ষক ও সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম স্বাগত বক্তব্যে বলেন, মাদক কোনো একক ব্যক্তি বা পরিবারের সমস্যা নয়; এটি সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বড় হুমকি। তিনি মাদক নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী প্রধান আলোচক হিসেবে বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়তে সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তিনি মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার পাশাপাশি মাদকের চাহিদা সৃষ্টির কারণগুলো মোকাবিলায় সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। সমাবেশে বক্তারা একমত পোষণ করেন যে, মাদকের বিস্তার রোধ করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...