চাকরি স্থায়ীকরণ ও মজুরি বৃদ্ধির দাবিতে আউটসোর্সিং কর্মীদের মানববন্ধন
দৈনিক মজুরি ও প্রকল্পভিত্তিক কাজে নিয়োজিত আউটসোর্সিং কর্মীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের আহ্বায়ক বাচ্চু ভূঁইয়া বলেন, তাদের সাত দফা দাবি নতুন কিছু নয়। সরকার পরিবর্তন হলেও শ্রমিকদের দুর্দশার পরিবর্তন হয়নি বলে অভিযোগ করেন তিনি। তিনি বর্তমান সরকার ও বিএনপির শাসনামলের তুলনা টেনে বলেন, ক্ষমতাসীনরা সাধারণ শ্রমজীবী মানুষের কথা গুরুত্বের সাথে নেন না। তিনি স্পষ্ট জানান, বর্তমান বেতন দিয়ে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে, তাই ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।
গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য তাসলিমা আখতার মানববন্ধনে সংহতি জানিয়ে বলেন, সারাদেশে প্রায় ছয় লাখ আউটসোর্সিং কর্মী কাজ করছেন। একই অফিসে কর্মরত হলেও সরকারি কর্মচারীদের তুলনায় তাদের মজুরি ও সুযোগ-সুবিধা অনেক কম। এই বৈষম্য দূর করে অস্থায়ী পদ বিলুপ্ত করার আহ্বান জানান তিনি।
কর্মচারী কল্যাণ পরিষদ তাদের দাবিসমূহ তুলে ধরে জানায়, আউটসোর্সিং পদ্ধতির মাধ্যমে ঠিকাদার নিয়োগ বন্ধ করে বার্ষিক ৬৬০ কোটি টাকার অপচয় রোধ করতে হবে। এছাড়া দৈনিক মজুরিভিত্তিক কর্মীদের পে-স্কেলের আওতায় আনা, চাকরিচ্যুতদের পুনর্বহাল এবং বকেয়া বেতন পরিশোধের দাবি জানানো হয়।

