কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে এনে হস্তান্তর
কলকাতায় সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ছয় বাংলাদেশির মরদেহ শনিবার দেশে ফেরত আনা হয়েছে। সাতক্ষীরা, কুষ্টিয়া ও রাজধানীর আমিনবাজারের নিহতদের লাশ বিভিন্ন স্থলবন্দর দিয়ে আনার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন মরদেহ গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্নে সার্বিক সহযোগিতা প্রদান করে।
গত ১৯ আগস্ট বুধবার পশ্চিমবঙ্গের রাজধানীর একটি হোটেলে আগুন লাগার ঘটনায় মোট সাতজন বাংলাদেশি নিহত হন। দুর্ঘটনার পর থেকেই মরদেহগুলো দেশে ফেরত আনার আইনি প্রক্রিয়া ও পরিবহনের ব্যবস্থা করতে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় প্রশাসন ও নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিল।
শনিবার সকালে সাতক্ষীরার এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয়। এরপর বিকেলে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পথে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত, তার স্ত্রী আফসানা শারমিন, পুত্র শর্ণশিষ দত্ত এবং আত্মীয় মো. আকরাম আলীর মরদেহ আনা হয়। একই সীমান্ত দিয়ে ঢাকার আমিনবাজারের বাবু আহমেদের মরদেহও দেশে ফিরিয়ে আনা হয়েছে। মরদেহ সংরক্ষণ থেকে শুরু করে সব আনুষ্ঠানিকতায় নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপ-হাইকমিশন সূত্র।

