জাতীয় ঐক্যের স্বার্থে সবাই ‘অধিবাসী’, ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রাইম বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৬ ১১:০৪ পিএম
জাতীয় ঐক্যের স্বার্থে সবাই ‘অধিবাসী’, ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী সবাইকে ‘আদিবাসী’ পরিচয়ের পরিবর্তে ‘অধিবাসী’ বা ‘বাংলাদেশি’ হিসেবে গণ্য করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সংবিধান অনুযায়ী এ দেশের সব নাগরিকের একটিই পরিচয় এবং তা হলো বাংলাদেশি। মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর গুলশানে ‘আদিবাসী স্বীকৃতির দাবি ও জাতীয় সার্বভৌমত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০০৭ সালে জাতিসংঘের ইন্ডিজিনাস পিপল ঘোষণাপত্রে বাংলাদেশ ভোট দেয়নি এবং আইএলও কনভেনশন ১৬৯-এর অংশও নয়। তাই আন্তর্জাতিক চাপ বা ষড়যন্ত্রের মুখে এ সম্পর্কিত কোনো বিভ্রান্তিকর প্রশ্ন তৈরি হলে তা প্রত্যাখ্যান করতে হবে। তিনি জুলাই চার্টারের উদ্ধৃতি দিয়ে বলেন, সব রাজনৈতিক দল সবার মূল পরিচয় ‘বাংলাদেশি’ হিসেবে ঐকমত্যে পৌঁছেছে, যা আগামী সংবিধান সংশোধনীতেও স্থান পাবে।

পার্বত্য চট্টগ্রাম ও পূর্ব সীমান্তের ভূ-রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বিদেশি শক্তি ও আন্তর্জাতিক মহলের স্বার্থে এলাকায় অস্থিরতা সৃষ্টির চক্রান্ত চলছে। পাশের দেশে দেড় হাজার ভাষা থাকলেও তারা একটি জাতি হিসেবেই আছে। বাংলাদেশেও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সংবিধানে বিশেষ সুবিধা ও কোটা রাখা হয়েছে, যাতে সমাজে সমতা বজায় থাকে। তিনি সবাইকে দেশের সার্বভৌমত্ব ও ঐক্য রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...