২০৩৪ সালেই এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশের: ইউএসবিবিসি

প্রাইম বার্তা অনলাইন
১১ আগস্ট ২০২৬ ১০:১৮ পিএম
২০৩৪ সালেই এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হবে বাংলাদেশের: ইউএসবিবিসি

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের (ইউএসবিবিসি) পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারে পরিণত হবে। মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে ১৬ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। তাদের নেতৃত্ব দেন ইউএসবিবিসির প্রেসিডেন্ট অতুল কেশপ। দুই পক্ষের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অতুল কেশপ বাংলাদেশের অর্থনীতির বিশাল সম্ভাবনার কথা উল্লেখ করে বলেন, ট্রিলিয়ন ডলারের মাইলফলক অর্জন করতে হলে দেশের প্রযুক্তিগত ও ব্যবস্থাপনা দক্ষতা বাড়াতে হবে। একইসাথে জিডিপি প্রবৃদ্ধির হার এবং কর খাতের উৎপাদনশীলতা বৃদ্ধির ওপরও গুরুত্ব দিতে হবে। মার্কিন কোম্পানিগুলো এই উন্নয়ন প্রক্রিয়ায় সরকারের অংশীদার হিসেবে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিদেশি বিনিয়োগকারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির ব্যাপারে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা উল্লেখ করেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...