শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য: ভারতকে স্পষ্ট হতে বললেন শামা ওবায়েদ

প্রাইম বার্তা অনলাইন
০৪ আগস্ট ২০২৬ ১০:০০ এএম
শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য: ভারতকে স্পষ্ট হতে বললেন শামা ওবায়েদ

ভারতে অবস্থানরত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখান থেকে রাজনৈতিক বক্তব্য দেবেন কি না, তা নিয়ে দেশটির সরকারকেই স্পষ্ট অবস্থান নিতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ সরকার দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক ধরে রাখতে চায় এবং পলাতক আসামিদের রাজনীতি যেন তাতে বাধাগ্রস্ত না করে।

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন রয়েছে, আগামী ৫ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেবেন শেখ হাসিনা। আয়োজক ক্লাবের সভাপতি দাবি করেছেন যে এতে ভারত সরকারের কোনো আপত্তি নেই। এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং কার্যক্রম-নিষিদ্ধ সংগঠনের প্রধান। তাই তিনি কী বলছেন, তার জবাবদিহি বাংলাদেশ সরকারের এখতিয়ারে নয়।

প্রতিমন্ত্রী জানান, ভারত সরকার পূর্বে স্পষ্ট করেছে যে তারা পলাতক আসামিদের নিজ মাটিতে রাজনীতি করতে দেবে না বা এমন কোনো কর্মকাণ্ড সমর্থন করবে না। এখন আলোচিত অনুষ্ঠান বা বক্তব্যকে ভারত সমর্থন করছে কি না, তা তাদেরই নিশ্চিত করতে হবে। তবে এ বিষয়ে প্রয়োজন হলে কূটনৈতিক প্রক্রিয়ায় নয়াদিল্লির সঙ্গে আবারও যোগাযোগ করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...