জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর: ৬ আগস্ট থেকে সবার জন্য উন্মুক্ত, চাইবে অনলাইন বুকিং
আগামী বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তবে একসঙ্গে বিপুল জনসমাগম এবং যান্ত্রিক জটিলতা এড়াতে প্রবেশের ক্ষেত্রে অনলাইনে নির্ধারিত স্লট বুকিংয়ের মাধ্যমে টিকিট সংগ্রহ বাধ্যতামূলক করা হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক দর্শনার্থীর জন্য সময়ভিত্তিক স্লট বরাদ্দ থাকবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করে নির্ধারিত সময়েই জাদুঘরে প্রবেশ করতে পারবেন। টিকিটের জন্য প্রাপ্তবয়স্কদের ৫০ টাকা এবং শিশুদের ২৫ টাকা পরিশোধ করতে হবে।
জাহেদ উর রহমান আরও জানান, উদ্বোধনের প্রথম দিনটি শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হবে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর সাংবাদিকদের জন্যও বিশেষ সময় বরাদ্দ করা হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নতুন দেশাত্মবোধক গান সৃষ্টির লক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় ১০০টির বেশি গান জমা পড়েছে বলেও জানান তিনি।

