বিদ্যুৎ বিল নিয়ে বিভ্রান্তি নয়, গণশুনানি দাবি তাসনিম জারার
বিদ্যুতের বিল অস্বাভাবিক বেশি আসার প্রতিবাদ করায় গ্রাহকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। গত ৩ আগস্ট সোমবার এক ফেসবুক পোস্টে তিনি বিদ্যুৎ বিভাগের এমন মনোভাবের তীব্র সমালোচনা করেন এবং অবিলম্বে এই হুমকি প্রত্যাহার করে গণশুনানির আয়োজন করার দাবি জানান।
সম্প্রতি বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়েছিল, অতিরিক্ত বিল নিয়ে গুজব বা অপপ্রচার ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর প্রেক্ষিতে তাসনিম জারা তার পোস্টে লিখেছেন, মানুষ মুখ খুললেই যেন তাদের টুঁটি চেপে ধরা হয়, এই মানসিকতা থেকে বের হতে হবে। তিনি উল্লেখ করেন, রাজধানীর বাসাবো, মাদারটেক ও নন্দীপাড়ার মতো এলাকার সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন। এসব মানুষের কোনো রাজনৈতিক এজেন্ডা নেই, তারা শুধু তাদের বাড়তি বিলের হিসাব চাইছেন।
জমিদারি আচরণ বর্জনের আহ্বান জানিয়ে এই রাজনীতিবিদ বলেন, জনগণের সেবক হিসেবে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দায়িত্বশীল আচরণ করা উচিত। বিল কেন অস্বাভাবিক বেশি আসছে, তার যৌক্তিক ব্যাখ্যা দিতে হবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, কারো জবাব না থাকলেই তারা হুমকি দেয়, আর এই হুমকি প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি গ্রাহকদের সামনে বসে সমস্যার সমাধান করতে হবে।

