‘আমার নাম ব্যবহার করে অনিয়মের সুযোগ নেই’— ক্ষতিগ্রস্তদের মামলা করার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের

‘আমার নাম ব্যবহার করে অনিয়মের সুযোগ নেই’— ক্ষতিগ্রস্তদের মামলা করার আহ্বান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের

গণঅধিকার পরিষদের সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক নূর (এমপি) বলেছেন, তাঁর নাম ব্যবহার করে কোনো অনিয়ম, দুর্নীতি বা অপকর্ম করে পার পাওয়ার সুযোগ নেই। গলাচিপা, দশমিনা ও বাউফল রুটে চলাচলকারী ‘দশমিনা এক্সপ্রেস’ পরিবহনের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলেও তিনি স্পষ্টভাবে জানিয়েছেন।
সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে নুরুল হক নূর এসব কথা বলেন।

পোস্টে তিনি অভিযোগ করেন, ‘দশমিনা এক্সপ্রেস’ নামে পরিচালিত পরিবহনে অনভিজ্ঞ চালক দিয়ে ফিটনেসবিহীন যানবাহন পরিচালনা করা হচ্ছে। এতে প্রতিনিয়ত যাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে এবং দুর্ঘটনা ও প্রাণহানির মতো ঘটনাও ঘটছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, তাঁর নাম ব্যবহার করে কেউ ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট পরিবহনের সঙ্গে তাঁর কোনো মালিকানা, অংশীদারত্ব কিংবা অন্য কোনো ধরনের সম্পর্ক নেই বলেও তিনি উল্লেখ করেন।

ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশে নুরুল হক নূর বলেন, ‘দশমিনা এক্সপ্রেস’-এর কারণে কেউ ক্ষতির শিকার হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও মামলা করুন। তিনি আশ্বাস দিয়ে বলেন, মামলা করলে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।এদিকে নুরুল হক নূরের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর গলাচিপা, দশমিনা ও বাউফল এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে এ বিষয়ে ‘দশমিনা এক্সপ্রেস’ কর্তৃপক্ষের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে সে সংবাদটি প্রকাশ করা হবে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...