রোগীর ক্ষতি মেনে নেওয়া হবে না, জেমিসনকে মডেল হাসপাতালে পরিণতের ঘোষণা শামীমের
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীম বলেছেন, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালে চিকিৎসক বা স্বাস্থ্যকর্মীদের অবহেলার কারণে কোনো রোগীর ক্ষতি হলে তা মেনে নেওয়া হবে না। তিনি বুধবার (২২ জুলাই) হাসপাতালটি পরিদর্শনে এসে এ কথা জানান। তিনি হাসপাতালটিকে দেশের অন্যতম মডেল স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দেন।
রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান শামীম জানান, বর্তমান পরিচালনা কমিটির প্রচেষ্টায় হাসপাতালের সার্বিক কার্যক্রমে পুনরুদ্ধার আসায় শুরু হয়েছে। অবৈধ দখল থেকে প্রায় ১২০ কোটি টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে, যা প্রতিষ্ঠানটির আর্থিক ভিত মজবুত করেছে। তবে এখনও কিছু সীমাবদ্ধতা রয়েছে, যা ধীরে ধীরে কাটিয়ে উন্নত সেবা নিশ্চিত করা হবে।
মানবিক আচরণ ও নিষ্ঠার সঙ্গে সেবা প্রদানের ওপর জোর দিয়ে তিনি বলেন, সুস্থ হওয়ার আশায় মানুষ হাসপাতালে আসে। তাই একজন নার্সের আন্তরিকতা রোগীর সুস্থতায় বড় ভূমিকা রাখে। তিনি যুব রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের বন্যাকালীন ত্রাণ কাজের ভূয়সী প্রশংসা করেন এবং একই ধরনের নিষ্ঠা হাসপাতালে প্রয়োগের আহ্বান জানান।
হাসপাতালের উন্নয়ন তদারকি নিশ্চিত করতে প্রশাসক ঘোষণা দিয়েছেন প্রতি সপ্তাহে অন্তত দুই দিন তিনি এখানে উপস্থিত থেকে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া হাসপাতালকে আরও আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে সবার সমন্বিত উদ্যোগে কাজ করা হবে বলে তিনি আশ্বাস দেন।

