পুলিশের ৬ কর্মকর্তার বদলি, সিআইডি ও নৌ-পুলিশে নতুন পদায়ন
বাংলাদেশ পুলিশের চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং দুইজন সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। গত ২২ জুলাই বুধবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনের বরাত দিয়ে জানা গেছে, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং র্যাবের এ এইচ এম কামরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে পদায়ন করা হয়েছে। এছাড়া পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানকে নৌ পুলিশে বদলি করা হয়েছে।
অন্যদিকে, সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের পর খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান ফেরদৌসকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে নিয়োগ দেওয়া হয়েছে। খাগড়াছড়ি বিশেষায়িত ট্রেনিং সেন্টারের সহকারী পুলিশ সুপার মো. দিদারুল ইসলামকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সার্কেলে এবং কক্সবাজারের অভিজিত দাসকে পার্বত্য এপিবিএনে বদলি করা হয়েছে।
বদলিকৃত এই কর্মকর্তাদের আগামী ৫ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব না নিলে ৬ আগস্ট থেকে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

