বিশ্বকাপ ফাইনাল নিয়ে বিরোধে বাঁশখালীতে দেশীয় অস্ত্রে হামলা, আহত ৩
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ফিফা বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ নিয়ে বিরোধের জের ধরে এক নারীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার বাঁশখালী থানায় আহতদের পরিবারের পক্ষ থেকে এই মামলা করা হয়।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ভোরে উপজেলার পুইছড়ি ইউনিয়নের মধ্যম পুঁইছড়ি এলাকায় বিশ্বকাপ ফাইনাল নিয়ে কিশোর গ্যাং নেতা মোহাম্মদ মোরশেদ এবং স্থানীয় যুবক মোহাম্মদ রাকিবের মধ্যে কথা কাটাকাটি হয়। প্রথমে স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা হলেও পরে মোরশেদ তার লোকজন নিয়ে রাকিবের ওপর হামলা করার হুমকি দেন।
এরপর ওই দিন সকালে রাকিব একটি বাড়িতে কাজ করতে গেলে মোরশেদ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালান। আহত রাকিবের চিৎকারে প্রতিবেশী আয়েশা বেগম এগিয়ে আসলে হামলাকারীরা তার মাথায় ও হাতে কুঠার দিয়ে কোপ মারে। মাকে বাঁচাতে এগিয়ে আসা আয়েশার মেয়ে রাবেয়া বেগম ও প্রতিবেশী আজিম উদ্দিনকেও মারধর করা হয়।
আহতদের মধ্যে আয়েশা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তার ছেলে মো. রাশেদ মিয়া বাদী হয়ে বুধবার থানায় মামলা করেন। এজাহারে ওই এলাকার মোহাম্মদ মোরশেদ (২৮), মো. ছৈয়দ (২১), মো. রাসেল (২২), মো. রাকিব (১৯), মো. ইসহাক (১৯) ও ওসমানকে (২২) আসামি করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

