আইজিপির আদেশে বদলি ৬ পুলিশ কর্মকর্তা, নির্দিষ্ট সময়ে যোগদানের নির্দেশ
বাংলাদেশ পুলিশের ছয় কর্মকর্তাকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং দুইজন সহকারী পুলিশ সুপারের এই বদলি আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শাহেদ আহমেদকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) এবং র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এ এইচ এম কামরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজিনুর রহমানকে নৌ পুলিশে পদায়ন করা হয়েছে। এছাড়া সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহারের পর খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত মাহমুদুল হাসান ফেরদৌসকে সিরাজগঞ্জ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সহকারী পুলিশ সুপার পদের দুই কর্মকর্তাকেও বদলি করা হয়েছে। খাগড়াছড়ির বিশেষায়িত ট্রেনিং সেন্টার ও এপিবিএনে কর্মরত মো. দিদারুল ইসলামকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম সার্কেলে এবং কক্সবাজারের চকরিয়া সার্কেলের অভিজিত দাসকে পার্বত্য এপিবিএন-এ পদায়ন করা হয়েছে।
বদলি আদেশে যোগদানের বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৫ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করতে হবে। নির্ধারিত সময়ের পর অর্থাৎ ৬ আগস্ট থেকে তারা যদি নতুন কর্মস্থলে যোগদান না করেন, তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজড) হিসেবে গণ্য করা হবে।

