বাঁশখালীতে বিশ্বকাপ নিয়ে বিরোধ, মা-মেয়েসহ কুপিয়ে আহত ৩
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচ নিয়ে বিরোধের জের ধরে তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়েছে। বুধবার (২২ জুলাই) আহত আয়েশা বেগমের ছেলে মো. রাশেদ মিয়া বাদী হয়ে বাঁশখালী থানায় এই মামলাটি করেন।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ জুলাই ভোরে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনাল খেলা নিয়ে এলাকার কিশোর গ্যাং নেতা হিসেবে পরিচিত মোহাম্মদ মোরশেদের সঙ্গে স্থানীয় যুবক মো. রাকিবের বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। প্রাথমিকভাবে এক দোকানদারের মীমাংসায় বিষয়টি থামলেও পরে মোরশেদ রাকিবকে দেখে নেওয়ার হুমকি দেন। এরই ধারাবাহিকতায় পরে সকালে রাকিব একটি বাড়িতে কাজ করতে গেলে মোরশেদ তার দলবল নিয়ে দা, রড ও চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।
প্রাণনাশের ভয়ে রাকিব চিৎকার দিলে পাশের বাড়ির আয়েশা বেগম তাকে বাঁচাতে এগিয়ে আসেন। এ সময় হামলাকারীরা আয়েশা বেগমের মাথায় ও হাতে কুপ দেন। মাকে বাঁচাতে এগিয়ে আসেন তার মেয়ে রাবেয়া বেগম ও প্রতিবেশী আজিম উদ্দিন। তাদের ওপরও চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালানো হয়, যাতে তারা গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও অভিযুক্তরা মামলা বা সালিশ করতে বাধা দিয়ে পরিবারটিকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ।
মামলায় অভিযুক্ত আসামিরা হলেন মধ্যম পুঁইছড়ি এলাকার মোহাম্মদ মোরশেদ (২৮), মো. ছৈয়দ (২১), মো. রাসেল (২২), মো. রাকিব (১৯), মো. ইসহাক (১৯) ও ওসমান (২২)। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে আয়েশা বেগমের অবস্থা আশঙ্কাজনক। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

