রোনালদোর বিশ্রাম নিয়ে সমালোচনা, কড়া জবাব দিলেন পর্তুগাল কোচ
কলম্বিয়ার বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল। তবে এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর খেলা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। অনেকে মনে করছেন, আগামী রাউন্ডের কথা ভেবে তাকে বিশ্রাম দেওয়া উচিত ছিল। কিন্তু দলের কোচ রবার্তো মার্টিনেজ এমন ধারণা একেবারেই মানতে নারাজ। তিনি একে ‘ছেলেমানুষি’ মন্তব্য বলেই উড়িয়ে দিয়েছেন।
লিওনেল মেসি বা আর্লিং হ্যালান্ডের সঙ্গে রোনালদোর তুলনা করা যুক্তিহীন বলে মন্তব্য করেছেন পর্তুগিজ কোচ। মার্টিনেজ জানিয়েছেন, রোনালদোর খেলার ধরন পুরোপুরি ভিন্ন। এই পর্তুগিজ তারকা মূলত নিজের অভিজ্ঞতা এবং মাঠের মধ্যে নিখুঁত পজিশন নেওয়ার ওপর ভর করে খেলেন। কোচের দাবি, বিশ্বকাপের চাপ সামলাতে রোনালদোর কোনো সমস্যা হচ্ছে না এবং তিনি পুরো ৯০ মিনুট খেলার সক্ষমতা রাখেন।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোচ স্পষ্ট করে জানিয়েছেন, রোনালদোর শারীরিক সক্ষমতা নিয়ে কারো সন্দেহের কোনো ভিত্তি নেই। তিনি বলেন, দলের পরিবর্তন আসতে পারে, তবে তা কৌশলগত কারণে হবে, কোনো নির্দিষ্ট খেলোয়াড়ের ফিটনেস নিয়ে প্রশ্ন থাকলে তা করা হবে না। রোনালদোর মানসিক দৃঢ়তা এবং আক্রমণভাগে তার ভূমিকাই পর্তুগালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

