নাঈমকে হেনস্তা: ৩ পুলিশের শাস্তির সুপারিশে তদন্ত প্রতিবেদন
চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হয়রানির ঘটনায় দায়ী তিন পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিটি। গতকাল রোববার (২৮ জুন) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর কাছে এই প্রতিবেদন জমা দেয়া হয়।
তদন্তে অভিযুক্তদের দায় প্রমাণিত হওয়ার পরিপ্রেক্ষিতে সাময়িক বরখাস্ত হওয়া দুই সদস্যসহ মোট তিনজনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। সিএমপি কমিশনার জানিয়েছেন, এই প্রতিবেদনের ভিত্তিতেই আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং এ নিয়ে নতুন করে আর কোনো তদন্ত হবে না। এর আগে অপেশাদার আচরণের অভিযোগে খুলশী থানার এসআই শফিকুল ইসলাম ও কনস্টেবল মো. রাসেল চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।
উল্লেখ্য, গত ১২ জুন রাতে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে বিমানবন্দর থেকে অটোরিকশায় বাসায় যাওয়ার পথে লালখান বাজার মোড়ে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ ওঠে তাকে মারধর ও হেনস্তা করা হয়। পরে বিসিবি কর্মকর্তা ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে তাকে ছেড়ে দেওয়া হয়।
এমন অপেশাদার আচরণ রোধে পুলিশ সদস্যদের আচরণগত ও মানবিক বিষয়ে বিশেষ প্রশিক্ষণ, নিয়মিত ব্রিফিং এবং শৃঙ্খলাভঙ্গের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে ৭ দফা সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

